কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগের রাজনীতি মানুষ আর গ্রহণ করবে না
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো চেষ্টা সফল হবে না এবং দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর গ্রহণ করবে না।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ঘিরে যে বক্তব্য বা প্রচারণা চলছে, তা দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না। তিনি অভিযোগ করেন, একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তারা মেনে নেবে না।
এর আগে সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ‘আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি কক্সবাজারের পর্যটন, সমুদ্রসম্পদ, নীল অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ এবং সামুদ্রিক গবেষণাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।
আরও পড়ুন: শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: আইনমন্ত্রী
তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। ‘ব্লু ইকোনমি’ বা নীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হলে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু বহুতল ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন সম্ভব নয়; বরং প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে যেসব এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেগুলোর বাস্তব পরিস্থিতি ও বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি দেশের সামুদ্রিক অর্থনীতিতেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরে তিনি কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভবন নির্মিত হলে কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক ও সীমান্তবর্তী এলাকার মানুষের জন্যও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।





