টেকসই উন্নয়নে অংশীদারিত্ব জোরদারের আহ্বান এফএইচের

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জনগণকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী, সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাংরি (এফএইচ) অ্যাসোসিয়েশন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এফএইচ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দাতা ও অংশীদারিত্ব সভায় এ আহ্বান জানানো হয়। পরে সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিভিন্ন বিষয় জানানো হয়।

আরও পড়ুন: ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, নতুন আইনের খসড়া অনুমোদন

সভায় বাংলাদেশের বর্তমান উন্নয়ন পরিস্থিতি, এফএইচের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, নতুন অংশীদারিত্বের সুযোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। স্থানীয় পর্যায়ে কার্যকর ও টেকসই পরিবর্তন আনা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং উন্নয়ন কার্যক্রমের প্রভাব আরও বিস্তৃত করার কৌশল নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মাদ জকরিয়া। বিশেষ অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর যুগ্মসচিব ড. কে এম মামুন উজ্জামান। এফএইচের এশিয়ার আঞ্চলিক পরিচালক রোমেল ফুয়ের্তে ও কান্ট্রি ডিরেক্টর বুলি হাগিদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়

এ ছাড়া বিভিন্ন দাতা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, এনজিওবিষয়ক ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা, এফএইচ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ও কর্মকর্তারা এবং অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে সরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী ও স্থানীয় অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপরও তাঁরা জোর দেন।

এফএইচের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “পারস্পরিক আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বই বাংলাদেশে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জনগণকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করার মূল চাবিকাঠি।”

সভায় এফএইচ অ্যাসোসিয়েশনের চলমান কার্যক্রম, অর্জন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ অগ্রাধিকার সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। পাশাপাশি স্থানীয় অংশীদার, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাতা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

দাতা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এফএইচের কার্যক্রম নিয়ে তাঁদের মতামত ও সুপারিশ দেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এফএইচ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের অংশীদারিত্বমূলক সংলাপ উন্নয়ন সহযোগীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।