ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, বিপাকে ৫ হাজারের বেশি যাত্রী

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এরই মধ্যে গত শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব রুটে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার(১২ অক্টোবর) বিকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর পাঁচ হাজার ৪১৮ জন যাত্রী বাংলাদেশে আটকা পড়েছেন। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সাউদিয়া এয়ারলাইনসের ৩টি, রিয়াদ এয়ারওয়েজের ৩টি নিয়ে মোট ১২টি সরাসরি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। 

আরও পড়ুন: ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাই দুবাইয়ের ৫টি নিয়ে মোট ৩৯টি ট্রানজিট ফ্লাইট বিঘ্নিত হয়েছে। গত শনিবার রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন, আহত হন ৩০৮ জন। নিহত অন্যদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।

এ ঘটনার রেশ না কাটতেই গতকাল রবিবার ফের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় হুতিরা। তাতে এক প্রবাসী পাকিস্তানি নিহত হওয়ার পাশাপাশি ১১ ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন: ফের আলোচনায় আইডিয়াল স্কুল