ইনু জানালেন ‘চার বিপদ’

Shakil
রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২২
ফাইল ফটো
ফাইল ফটো

এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ চারটি বিপদের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্য-সম্প্রচার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, প্রথমত একাত্তরের পরাজিত শক্তি বিএনপি দেশে আন্দোলনের নামে অস্বাভাবিক সরকার গঠনের পায়তারা করছে; দ্বিতীয়ত বাজার সিন্ডিকেট কারসাজি করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে; তৃতীয়ত লুটেরা চাটার দল রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে এবং গুন্ডাবাজি-ক্ষমতাবাজি করে দেশকে ঝুঁকির মুখে ফেলেছে।

রংপুর টাউন হলে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাসদের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

তিনি বলেন, দেশে স্থায়ী শান্তির জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য রাজাকার, তালেবানি, জামায়াত ও তার রাজনৈতিক মিত্র বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে। সেইসঙ্গে বুলডোজার দিয়ে বাজার সিন্ডিকেটের হোতা, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, ক্ষমতাবাজ ও গুন্ডাতন্ত্রকে ধ্বংস করতে হবে।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, বিএনপির চক্রের কাছে নির্বাচন কিংবা গণতন্ত্র কোনো সমস্যা না। তারা এই মুহূর্তে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করছে। ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়। তাদের আন্দোলনের নাটক একটি পরিষ্কার ষড়যন্ত্র। দেশে কোনো অস্বাভাবিক কিংবা রাজাকার সমর্থিত সরকার গঠনের চেষ্টাকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

এ সময় উপস্থিত ছিলেন- জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. একরামুল হোসেন স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মনা, রংপুর মহানগর জাসদের সভাপতি সাহিদুল ইসলামসহ অন্যরা।