বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে একাত্তর ইস্যুতে সমাধান চাই এনসিপির
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করা জরুরি বলে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অগ্রসর করতে হলে একাত্তর ইস্যুকে অবশ্যই গুরুত্ব দিয়ে ‘ডিল’ করতে হবে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে পাকিস্তান হাইকমিশনে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ মন্তব্য করেন।
আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি
তিনি বলেন, “আমরা মনে করি, বিগত সময়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, তা থেকে উন্নতির সুযোগ রয়েছে। তবে সম্পর্ক উন্নয়নে একাত্তর ইস্যুকে অবশ্যই সমাধান করতে হবে। আমরা বৈঠকে সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি।”
বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে তিনটি ঐতিহাসিক অমীমাংসিত বিষয় রয়েছে— ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান। এনসিপির মতে, এ বিষয়গুলো সমাধান ছাড়া সম্পর্ক অগ্রসর হবে না।
আরও পড়ুন: ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
একই প্রসঙ্গে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বলেছি, একাত্তর ইস্যুটি দ্রুত সমাধান করা উচিত। তারা আমাদের জানিয়েছেন, এ বিষয়ে তারা প্রস্তুত।”
তবে ইসহাক দার বৈঠকে এ নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি বলে জানিয়েছেন এনসিপি নেতারা।





