পোলিং এজেন্ট বাধাগ্রস্তের অভিযোগ ডা. তাসনিম জারার, ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, ভোটগ্রহণ চলাকালে তার পোলিং এজেন্টদের নানা অজুহাতে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। এতে নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিয়েই গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনি এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, তার নিযুক্ত পোলিং এজেন্টদের অনেককেই কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন: নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি

তিনি অভিযোগ করেন, “আমাদের এজেন্টদের বলা হচ্ছে তারা এই এলাকার ভোটার নন, তাই ভেতরে ঢুকতে পারবেন না। কিন্তু আইন অনুযায়ী পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক নয়।”

একই সঙ্গে নারী পোলিং এজেন্টদের নিয়েও হয়রানির অভিযোগ তোলেন তিনি। ডা. তাসনিম জারা বলেন, পুরুষ ভোটকেন্দ্রে নারী এজেন্ট থাকার বিষয়ে অস্পষ্ট ও বিভ্রান্তিকর নিয়ম দেখিয়ে তাদের বের করে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

আরও পড়ুন: ভোট দিলেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান

মোবাইল ফোন সংক্রান্ত বিধিনিষেধের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ করেন এই স্বতন্ত্র প্রার্থী। তার ভাষায়, “আমাদের এজেন্টদের ফোন নিয়ে ঢোকা যাবে না বলা হচ্ছে, অথচ নিয়ম অনুযায়ী ফোন বহন করা নিষিদ্ধ নয়—ব্যবহার নিষিদ্ধ।”

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. তাসনিম জারা বলেন, “আমাদের এজেন্টদের একের পর এক বের করে দেওয়া হচ্ছে, অথচ ভেতরে ভোটগ্রহণ চলছেই। যদি নিয়ম অনুযায়ী আমাদের প্রতিনিধিরাই কেন্দ্রে থাকতে না পারেন, তাহলে এই প্রক্রিয়াকে সুষ্ঠু বলা যায় কীভাবে?”

নিয়ম জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।