নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে ফল মেনে নেবে বিএনপি: তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫১ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে তার দল ফলাফল মেনে নেবে। তবে এ ক্ষেত্রে নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হওয়াকে তিনি শর্ত হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

তারেক রহমান বলেন, “নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে অবশ্যই আমরা মেনে নেব। শুধু আমরা নই, সব দলই মেনে নেবে। তবে শর্ত হচ্ছে—নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।”

তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তার ভাষ্য, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

বিএনপি চেয়ারম্যান জানান, তিনি রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তার মতে, জনগণ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছে। দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় মানুষের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় বিজয়ের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আত্মবিশ্বাসী এবং বিজয় নিয়ে আশাবাদী। কত আসনে জয় পাবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “যত আসন পেলে আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব, ততটুকুই প্রত্যাশা করছি।”

নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তারেক রহমান বলেন, যেসব দলের সঙ্গে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তাদের নিয়ে দেশ পরিচালনার বিষয়ে দল ইতিবাচক মনোভাব পোষণ করে।

দেশব্যাপী ভোটের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের কারণে এখনো বিস্তারিত তথ্য পাননি। তবে গণমাধ্যমের খবরে কিছু স্থানে অপ্রত্যাশিত ঘটনার তথ্য দেখেছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে তা গ্রহণযোগ্য নয়।

ভোটের ফল ঘোষণায় দেরির আশঙ্কা আছে কি না—এ প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, ফল গণনায় বিলম্বের কোনো যৌক্তিক কারণ দেখেন না। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করবে।

তারেক রহমান আরও বলেন, অতীতে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নিরপেক্ষতার উদাহরণ রয়েছে। এবারের নির্বাচনেও দ্রুত ও গ্রহণযোগ্য ফল ঘোষণার প্রত্যাশা করেন তিনি।

সার্বিক পরিবেশ নিয়ে তার মন্তব্য, অন্তত রাজধানীর যে কেন্দ্রগুলো তিনি ঘুরে দেখেছেন, সেখানে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।