তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ০১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ-এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সন্ধ্যায় জানাজা শেষে কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে।

আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণে স্লোগান দেওয়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

তিনি বলেন, “মরদেহবাহী গাড়ি যেন নির্বিঘ্নে যেতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের সংখ্যা যাচাই-বাছাই শেষে জানানো হবে।”

আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করেছে, তাদের আটক করা হয়েছে। তবে যাচাই-বাছাইয়ে কেউ নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে।”

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।