পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ সভাপতি মুন্নার
জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। একই সঙ্গে তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দলের আদর্শ, নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ধারণ করে যুবদলকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আবদুল মোনায়েম মুন্না বলেন, “যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠন নতুন গতি ও শক্তি অর্জন করেছে। এ জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং তৃণমূলভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা যুবদলকে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।”
আরও পড়ুন: ৩২ নম্বরে পতাকা উত্তোলনে গিয়ে আটক তিন কর্মী
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান আজ জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যুবদলের প্রতি তাঁর আস্থা ও দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার প্রধান উৎস।”
যুবদল সভাপতি আরও বলেন, “আমাদের রাজনীতির মূল ভিত্তি হলো দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা। পদ-পদবি কোনো ব্যক্তিগত অর্জন নয়; এটি একটি সাংগঠনিক দায়িত্ব। তাই নবনির্বাচিত ও মনোনীত নেতৃবৃন্দকে দলের নীতি-আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে এবং জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে।”
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আইভির বাসায় ‘গাদিরে খুম’ অনুষ্ঠান ঘিরে নানা কৌতুহল
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যুবদলের সবচেয়ে বড় শক্তি হলো এর ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা। ব্যক্তি স্বার্থ, বিভাজন কিংবা গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে দল ও দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই যুবদল দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক জনপ্রিয় যুব সংগঠন হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।”
মুন্না বলেন, “আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি ইউনিটকে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যুবদল অতীতের মতো সামনের দিনেও অগ্রণী ভূমিকা পালন করবে।”
সভায় উপস্থিত নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





