ঢাকা উত্তর বিএনপির যুবদল-ছাত্রদল বিলুপ্ত ও বহিষ্কার
আবারো কঠোর অবস্থানে বিএনপি, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশনা
সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্মে জড়িত নেতাকর্মী, এমনকি দলের এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি। অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের সংরক্ষিত সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশনা দিয়েছে বিএনপি।
বুধবার রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। একই সাথে জাতীয়তাবাদী যুবদল মহানগর উত্তর ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়াও দলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে জড়িত নেতাদের তালিকা ধরে ধরে বহিষ্কার করছে বিএনপির অঙ্গসংগঠন।
আরও পড়ুন: আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে জনমনে
বহিষ্কৃত ও বিলুপ্ত কমিটির নেতাদের এবং সন্দেহভাজনদের বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত থেকে তল্লাশির খবরে অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন।
বিএনপির একাধিক ঘনিষ্ঠ সূত্র জানায়, রাড্ডা ক্লিনিক দখল ও লুটপাটের ঘটনায় এমপি মিষ্টি ও তুলির সমর্থকদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তুলিকে সতর্ক করা হয়েছে এবং মিষ্টিকে পদত্যাগের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এমপি মিষ্টি এখনো পদত্যাগের কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।
আরও পড়ুন: জ্বালানি তেল মূল্যবৃদ্ধির ধাক্কা কাঁচাবাজার ও গণপরিবহনে
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বিএনপি প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
ছাত্রদলও তাদের ঢাকা মহানগর পশ্চিম কমিটি বিলুপ্ত করে শিগগির নতুন কমিটি ঘোষণার কথা জানিয়েছে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের নির্দিষ্ট অভিযোগে ৫ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। তারা হলেন- ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্য সচিব ওমর নাইম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।
এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের ৪ নেতাকে সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে। তারা হলেন- শাহআলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহআলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।





