চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদ-এর কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়েছে কাতালানরা।

দিয়েগো সিমিওনের শিষ্যরা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই ভেন্যুতে জয় তুলে নেয়। ২০০৬ সালের পর প্রথমবার বার্সার মাঠে জয় পেল মাদ্রিদের ক্লাবটি, যা তাদের জন্য বড় এক মাইলফলক।

আরও পড়ুন: ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষ দিকে। ৪৪ মিনিটে ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। এরপরই সুযোগ কাজে লাগায় অ্যাটলেটিকো।

ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। এটি ছিল চলতি আসরে তার নবম গোল, যা ক্লাবের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ডও।

আরও পড়ুন: ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

সংখ্যায় পিছিয়ে পড়লেও ম্যাচে দাপট দেখানোর চেষ্টা চালিয়ে যায় বার্সা। ৫৮ শতাংশ বল দখল ও ১৮টি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে আরও একবার সফল হয় অ্যাটলেটিকো। বদলি হিসেবে নেমে আলেক্সান্ডার সরলথ ৭০ মিনিটে ভলিতে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

এর আগে একাধিক সুযোগ তৈরি করলেও মার্কাস রাশফোর্ড ও লামিন ইয়ামাল কেউই গোল করতে পারেননি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।

আগামী সপ্তাহে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। সেখানে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠতে হলে অন্তত দুই গোলের ব্যবধান কাটিয়ে উঠতে হবে বার্সেলোনাকে, যা মোটেও সহজ হবে না।