হাইতিকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতে বিশ্বকাপ মঞ্চে ৩৬ বছরের জয়ের খরা কাটিয়েছে ইউরোপের দলটি।
রোববার অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জন ম্যাকগিন। তার গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা।
আরও পড়ুন: তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে ২৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্কটল্যান্ড। বাঁ প্রান্ত দিয়ে চে অ্যাডামসের দারুণ দৌড় ও আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগে নিচু ক্রস পান ম্যাকগিন। তিনি নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ২৮ বছর পর গোলের স্বাদও পেল স্কটল্যান্ড।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে হাইতি। ৩৪তম মিনিটে প্রভিডেন্সের শট স্কটিশ রক্ষণে উদ্বেগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত বিপদমুক্ত থাকে দলটি। কয়েক মিনিট পর আবারও আক্রমণে উঠে আসে হাইতি, তবে ডিফেন্ডারদের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি তারা।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে হাইতির ফুটবলাররা। অন্যদিকে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজতে থাকে স্কটল্যান্ড।
৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন ম্যাকগিন। তবে বক্সের ভেতর থেকে নেওয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আর বাড়েনি।
ম্যাচের ৮০তম মিনিটে সমতা ফেরানোর সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে হাইতি। ডান দিক থেকে আসা ক্রসে পিয়েরোর হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ফলে হতাশ হতে হয় ক্যারিবীয় দলটিকে।
শেষ পর্যন্ত ১-০ গোলের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে স্কটল্যান্ড।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে ৩৬ বছর পর আবারও জয়ের স্বাদ পেল স্কটিশরা। এর আগে ১৯৯০ বিশ্বকাপে সুইডেনকে হারিয়ে শেষবারের মতো বিশ্বকাপের ম্যাচ জিতেছিল তারা। এরপর ১৯৯৮ সালের আসরে অংশ নিলেও কোনো জয় পায়নি দলটি।





