ফিফার পক্ষপাতের অভিযোগ উড়িয়ে দিলেন মেসি, ‘যোগ্যতাতেই ফাইনালে’

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১:২৯ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ফিফার পক্ষপাতিত্বের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। তার ভাষ্য, আর্জেন্টিনার সাফল্য কোনো বিশেষ সুবিধার ফল নয়; বরং টানা কয়েক বছর ধরে ধারাবাহিক ভালো ফুটবল খেলারই প্রতিফলন।

বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় মেসি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ৯১ বছরের ইতিহাস ভেঙে বার্সেলোনার নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল

চলতি বিশ্বকাপে কিছু ম্যাচে ভিএআরের সিদ্ধান্ত এবং রেফারিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে অনেকেই অভিযোগ তোলেন, ফিফা নাকি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে। এমনকি দলটিকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবিতে অনলাইনেও বিভিন্ন পিটিশন চালু হয়।

তবে এসব সমালোচনার জবাবে মেসি বলেন, ‘কে কী বলল, তা নিয়ে আমাদের ভাবনা নেই। গত চার বছরে আমরা নিজেদের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করেছি যে আমরা বিশ্বের অন্যতম সেরা দল। আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা আমাদের পরিশ্রম, ঐক্য ও যোগ্যতার ফল।’

আরও পড়ুন: আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণা

সেমিফাইনালে প্রথমে ইংল্যান্ড এগিয়ে গেলেও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মেসির দুটি নিখুঁত অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন।

ম্যাচ শেষে মেসি আরও বলেন, ‘যদি আমরা হেরে যেতাম, তাহলে সমালোচনার ঝড় উঠত। কিন্তু আমরা মাঠের খেলাতেই জবাব দিয়েছি। এমন বড় ম্যাচে ইতিহাস ও আবেগ থাকলেও শেষ পর্যন্ত পারফরম্যান্সই পার্থক্য গড়ে দেয়।’

ঐতিহাসিক এই জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রতি উৎসর্গ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘আজকের দিনটি দিয়েগোর জন্যও বিশেষ। বিশ্বাস করি, তিনি ওপর থেকে এই জয় উপভোগ করছেন। এই সাফল্য তার প্রতিও আমাদের শ্রদ্ধার নিদর্শন।’