ফিফা বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর অফিসিয়াল 'টিম অব দ্য টুর্নামেন্ট' প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই সেরা একাদশে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। দুই দেশ থেকেই তিনজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। এ ছাড়া রানার্সআপ আর্জেন্টিনা থেকে দুইজন এবং ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে একজন করে খেলোয়াড় স্থান পেয়েছেন এই একাদশে।

তবে সবচেয়ে বড় চমক হলো, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোনো খেলোয়াড়ই সেরা একাদশে জায়গা পাননি। একই সঙ্গে স্পেনের আলোচিত তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালও শেষ পর্যন্ত সমর্থকদের ভোটে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন: শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা

ফিফা ৪-৩-৩ ফরমেশনে দলটি সাজিয়েছে। গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকান দলটির হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি সমর্থকদের সর্বোচ্চ ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।

রক্ষণভাগে রয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। পুরো টুর্নামেন্টে এক মিনিটও মাঠের বাইরে না থাকা কুকুরেয়া দুটি অ্যাসিস্ট করেছেন। এছাড়া স্পেন পুরো বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করে সাতটি ক্লিন শিট রেখে শিরোপা জিতেছে।

আরও পড়ুন: মেসিকে ছাড়াই দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা

মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন রদ্রি। অন্যদিকে ওলিসে পুরো আসরে সাতটি অ্যাসিস্ট করেছেন। ইংল্যান্ডের হয়ে সাত গোল করে নিজের প্রভাবও দেখিয়েছেন বেলিংহ্যাম।

আক্রমণভাগে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। পুরো বিশ্বকাপে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেছেন এই ফরাসি তারকা। সমর্থকদের ভোটেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ ২৯ দশমিক ৬ শতাংশ সমর্থন পেয়েছেন।

অন্যদিকে ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। পুরো টুর্নামেন্টে তার ঝুলিতে ছিল ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ৭ গোল করে সেরা একাদশে জায়গা নিশ্চিত করেছেন আর্লিং হলান্ড।

ফিফার ২০২৬ বিশ্বকাপ 'টিম অব দ্য টুর্নামেন্ট'

গোলরক্ষক:

  • ভোজিনিয়া (কেপ ভার্দে)
  • রক্ষণভাগ:
  • পেদ্রো পোরো (স্পেন)
  • দায়ো উপামেকানো (ফ্রান্স)
  • লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা)
  • মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ:

  • রদ্রি (স্পেন)
  • মাইকেল ওলিসে (ফ্রান্স)
  • জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

আক্রমণভাগ:

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • আর্লিং হলান্ড (নরওয়ে)
  • কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)