উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল আতলেতিকো

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৩২ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। পরে লেনি ইয়োরোর লাল কার্ডের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এ হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকল ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচ শুরুর মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন পাবলো বারিওস। আলেক্স বায়েনার বাড়ানো বল পেয়ে ইউনাইটেডের রক্ষণ ভেদ করে জালে পাঠান তিনি।

আরও পড়ুন: ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়ের দেখা পেল কভেন্ট্রি

গোল শোধের সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। ব্রায়ান এমবেউমো প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে শট নিলেও বল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে ফ্রি-কিক থেকে আতলেতিকোর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিলেন আলেহান্দ্রো গ্রিমালদো। তার শট পোস্ট ও ক্রসবারের সংযোগস্থলে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের শেষ দিকে জনি কারদোসোর গোলে ব্যবধান বাড়ানোর আনন্দে মেতে উঠেছিল আতলেতিকো। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের সময় মার্কোস ইয়োরেন্তের হাতে বল লেগেছিল। ফলে গোলটি বাতিল করা হয়।

আরও পড়ুন: নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর

দ্বিতীয়ার্ধের শুরুতে জুলিয়ান আলভারেজের শট পোস্টে লাগে। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইউনাইটেড। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের একটি চিপ শট অল্পের জন্য বাইরে যায়। পরে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে তার আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

লাল কার্ডে বিপাকে ইউনাইটেড

ম্যাচের ৭৪তম মিনিটে বড় ধাক্কা খায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডকে শেষ ডিফেন্ডার হিসেবে বাধা দেওয়ার ঘটনায় ভিএআরের সহায়তায় লাল কার্ড দেখেন লেনি ইয়োরো। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইংলিশ ক্লাবটিকে।

এই সুযোগ কাজে লাগিয়ে ৭৯তম মিনিটে দ্বিতীয় গোল পায় আতলেতিকো। ডেভিডের শট ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে ল্যামেন্স। তবে ফিরতি বল পেয়ে জালে পাঠান নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকম্যান। তার জন্ম লন্ডনে।

শেষ দিকে ইউনাইটেডের বদলি খেলোয়াড় মাতেউস কুনহার শট ঠেকিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। ফলে ম্যাচে আর কোনো গোল হয়নি।

চাপ বাড়ছে কোচ ক্যারিকের ওপর

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়ল এই হারের পর। চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় গত ৪০ বছরের মধ্যে নিজেদের সবচেয়ে খারাপ শুরুর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে দলটি। চ্যাম্পিয়নস লিগেও এ হার তাদের জন্য নতুন ধাক্কা।

ম্যাচে কার্লোস বালেবাকে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ দেন ক্যারিক। অন্যদিকে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে ডান দিকে খেলান তিনি। সপ্তাহান্তে ইংলিশ লিগে প্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে শেষ দিকে ফার্নান্দেসকে তুলে নেন কোচ।

আতলেতিকোর অধিনায়ক কোকে মায়ের মৃত্যুর কারণে ম্যাচে খেলতে পারেননি। তবে এদিন প্রথমবারের মতো মেত্রোপলিতানো স্টেডিয়ামে মৌসুমের শুরু থেকে একাদশে জায়গা পান জুলিয়ান আলভারেজ।

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে হারের পর এ জয়ে প্রতিযোগিতায় প্রথম পয়েন্ট পেল আতলেতিকো মাদ্রিদ।