শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ডিসেম্বর সামনে রেখে শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ তুলছেন। তবে বাস্তবে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দলের সময়ের তাণ্ডবের স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তারা। বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর হোক জনগণের মন থেকে।
আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর লক্ষ্য হলো সেই সময়ের ঘটনাপ্রবাহ ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তা তুলে ধরা—বক্তব্যে এমন অবস্থানই তুলে ধরেন তথ্য উপদেষ্টা।





