দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছি : প্রতিমন্ত্রী
দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত একটি সভায় জানান, গত ১০ দিনে দেশের ৫০ হাজারেরও বেশি ওয়েবসাইটে সাইবার হামলার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে ৮টি ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে দেশের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটেও হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: টিকটকের নতুন এআই টুল উন্মোচন
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সমসাময়িক পরিস্থিতিতে সাইবার নিরাপত্তায় করণীয় সংক্রান্ত মতবিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে ৩৫টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মাত্র আটটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না।
আরও পড়ুন: অনলাইন জুয়া দমনে নতুন আইন কার্যকর
সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। লাইসেন্সবিহীন পাইরেটের সফটওয়্যার ব্যবহার না করতে ইতোমধ্যেই প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। আর কোনো প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে আইসিটি বিভাগকে জানাতে হবে।
এর আগে পলকের সঙ্গে বৈঠকে দেশের ৩৫টি কেপিআই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।





