অ্যান্ড্রয়েড-আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ নিয়ে জরুরি সতর্কবার্তা

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন করে সাইবার নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। অ্যাপটির একাধিক নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

গত ২৬ নভেম্বর জারি করা সতর্কবার্তায় হোয়াটসঅ্যাপের নিরাপত্তাব্যবস্থায় বেশ কয়েকটি দুর্বলতার কথা তুলে ধরা হয়। এসব ত্রুটি অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস ও উইন্ডোজসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হোয়াটসঅ্যাপ সংস্করণে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: মেটাকে ৮৮ কোটি ডলার জরিমানা করেছে ইতালি

সিইআরটি-ইনের আশঙ্কা, সাইবার অপরাধীরা বিশেষভাবে তৈরি করা বার্তা বা ক্ষতিকর লিংক পাঠিয়ে এসব নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস বা অ্যাপের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

এ পরিস্থিতিতে ব্যক্তি ব্যবহারকারীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকেও সতর্ক করেছে সংস্থাটি। নিরাপত্তা ঝুঁকি এড়াতে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাক ও উইন্ডোজ—সব প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

এর কয়েক দিন আগেই হোয়াটসঅ্যাপ ওয়েবের সক্রিয় সেশন নিয়ে সতর্ক করেছিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। এবার অ্যাপটির একাধিক নিরাপত্তা ত্রুটি নিয়ে নতুন সতর্কবার্তা আসায় ব্যবহারকারীদের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অনলাইনে নিরাপদ থাকতে অপরিচিত ব্যক্তির পাঠানো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা, সন্দেহজনক ফাইল ডাউনলোড না করা এবং নিয়মিত অ্যাপ আপডেট রাখা জরুরি। পাশাপাশি হোয়াটসঅ্যাপের লিঙ্কড ডিভাইস তালিকা পরীক্ষা করে অপরিচিত কোনো ডিভাইস যুক্ত আছে কি না, তা দেখে নেওয়াও গুরুত্বপূর্ণ।

সাইবার নিরাপত্তা সংস্থার এই সতর্কবার্তা মনে করিয়ে দিচ্ছে, জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করলেই ব্যক্তিগত তথ্য পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকে না। তাই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদেরও সচেতন থাকতে হবে।