নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি: গণপরিবহন চালুর ঘোষণা মালিক সমিতির

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচির দিনও সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

আরও পড়ুন: ঢাকার অটোরিকশা-ই-বাইকে নতুন নিয়ম

তিনি বলেন, “অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। তবে চালক, শ্রমিক ও মালিকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও যেন কোনো বাসে অগ্নিসংযোগ বা নাশকতার ঘটনা না ঘটে, সে বিষয়ে সব টার্মিনাল ও পরিবহন মালিকদের লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

চিঠিতে প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শ্রমিকদের প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গে পরিবহন মালিক সমিতি জানায়, ১০ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় এক শ্রমিক নিহত ও দুইজন আহত হন।

এই ঘটনার প্রতিবাদে আজ ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শ্রমিকরা আজ রাতভর এবং আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন, যাতে পরিবহন চলাচল নিরাপদ থাকে।