ঈদের আগের দিন ঢাকাছাড়া মানুষের ঢল, তবে যাত্রীচাপ কিছুটা কম
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে রেল, সড়ক ও নৌপথে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন হাজার হাজার যাত্রী। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীচাপ কিছুটা কম দেখা গেছে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় প্ল্যাটফর্মগুলোতে যাত্রী উপস্থিতি কম। কিশোরগঞ্জগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনের যাত্রী ও সবজি বিক্রেতা আতাউর রহমান জানান, কয়েকদিন আগেই আনা সবজি বিক্রি শেষ করে তিনি বাড়ির পথে রওনা হয়েছেন। তার ভাষায়, “সবচেয়ে ভালো লাগছে ট্রেন অনেকটাই ফাঁকা, কোনো ভোগান্তি নেই।”
আরও পড়ুন: মহাখালীতে যাত্রীদের দীর্ঘ সারি, বাস-টিকিট সংকটে চরম ভোগান্তি
অন্য প্ল্যাটফর্মগুলোতেও যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকায় যাত্রীরা স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন। ট্রেন চলাচলও অনেকটাই স্বাভাবিক রয়েছে।
এদিকে রাজধানীর গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও যাত্রীদের উপস্থিতি থাকলেও তা আগের দিনের তুলনায় কম। সংশ্লিষ্টরা জানান, সড়কেও যানবাহনের চাপ কম থাকায় যাত্রা তুলনামূলক নির্বিঘ্ন হচ্ছে।
আরও পড়ুন: নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার ৩০ রমজান পূর্ণ হচ্ছে। আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সব মিলিয়ে ঈদের আগের দিনে রাজধানী ছাড়ার শেষ মুহূর্তের চাপ থাকলেও যাত্রীদের জন্য পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক রয়েছে।





