সারাদেশে শীতের প্রকোপ আরো বাড়ার আশঙ্কা
রাজধানী ঢাকাসহ সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়তে পারে, যা উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা
পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এসব আবহাওয়াগত অবস্থার কারণে দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও কুয়াশা ও তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে।
প্রথম দিনে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
দ্বিতীয় দিন, অর্থাৎ ২৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তৃতীয় দিন (২৭ ডিসেম্বর) ও চতুর্থ দিন (২৮ ডিসেম্বর) সারাদেশে প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। চতুর্থ দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আশঙ্কা রয়েছে।
পঞ্চম দিন (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।





