মাঘের শেষভাগে ঢাকায় শীত কমছে, আকাশ আংশিক মেঘলা ও তাপমাত্রা বাড়ার আভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০০ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাঘের শেষভাগে রাজধানী ঢাকায় শীতের আমেজ কমতে শুরু করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (১১ ফেব্রুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের প্রথমার্ধেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধির আভাস রয়েছে।

আরও পড়ুন: আসছে ‘ঝংকার’ বৃষ্টিবলয়: ঝড়-বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।

আরও পড়ুন: পাঁচ বিভাগে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

এদিকে, সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।