কমছে না ভ্যাপসা গরম, ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস
রাজধানীতে আজও ভ্যাপসা গরম থেকে তেমন স্বস্তি মিলছে না। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন: আজ থেকে বাড়তে পারে বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ।
গতকাল শুক্রবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে বৃষ্টি হলেও দিনের বেলায় গরম পুরোপুরি কমার সম্ভাবনা কম। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।





