ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় যুবক গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১:২৮ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃত যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদুজ্জামান রাজু। গত ০১ এপ্রিল ২০২৫, রাত আনুমানিক ০১:৫৬ ঘটিকায় পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, বাসার গেইটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 

মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। গতকাল রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। 

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ওসমান গনি

গ্রেপ্তারকৃত পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।