সাভারে ফিশ ও পোল্ট্রি ফিড কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা ও সিলগালা

Sanchoy Biswas
রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ন, ১২ মে ২০২৫ | আপডেট: ৬:৩১ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারে অনুমোদনহীন ফিশ ও পোল্ট্রি ফিড কারখানায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও রাসায়নিক দ্রব্য দিয়ে হাঁস, মুরগি, গরু ও মাছের খাদ্য তৈরি ও বাজারজাতের অভিযোগে কারখানাটিতে অভিযান চালিয়ে  লাখ টাকা জরিমানা আদায় ও সিলগালা করেন  ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকার মুশুরীখোলা মহল্লায় ফ্রেসটেক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শওকত আলীসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় মাতৃভাষা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতকে কারখানা অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেনি দায়িত্বরত কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, পশু খাদ্য তৈরির এই কারখানাটিতে সরকারের কোন অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র নেই। এছাড়া কারখানার ভিতরে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ভেজাল পশু খাদ্য বস্তা ভরা রয়েছে। কোন পশু এই খাবার খেলে মারাত্মক ক্ষতি হবে এছাড়া সেই পশুর মাংস মানুষের শরীরের উপর প্রভাব সৃষ্টি করতে পারে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১০ এর ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুত করার দায়ে এই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ মালামালগুলো পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে।

আরও পড়ুন: ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হওয়ায় নান্দাইলে ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ

সরেজমিনে মুশুরীখোলা মহল্লায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে ফ্যাক্টরীটির মূল ফটকে মেঘনা পোল্ট্রি অ্যান্ড ফিস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাইনবোর্ড ব্যবহার করছে ‘ফ্রেসটেক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে ফিড তৈরি করছে।

বিশাল আয়তনের গোডাউন ও কারখানা দুই দিন আগেও স্যাঁতস্যাঁতে, দূষিত পরিবেশে স্তূপ করা ছিল শতশত বস্তা মেয়াদউর্ত্তীণ ভেজাল খাদ্য, মুরগির বিষ্ঠাসহ বিভিন্ন কাঁচামাল ও রাসায়নিক দ্রব্য । কিন্তু সংবাদ প্রকাশের পর তা পরিষ্কার করে রাখেন। পুরোনো বস্তা পাল্টিয়ে নতুন বস্তায় মেয়াদ উত্তীর্ণ ফিড ভরে রাখেন। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন বস্তায় পুরোনো ফিট ভরেও তাদের শেষ রক্ষা হলো না।

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এসব খাদ্য মাছ, মুরগি ও গরুকে খাওয়ানো হলে তা বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে। এসব খাদ্য ব্যবহারে দ্রুত সময়ে মাছ, মুরগি ও গরুকে বড় করে উৎপাদন বাড়াতে সহায়তা করে।

সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শওকত আলী বলেন, ফ্রেসটেক অ্যাগ্রো কারখানাটির কোনো অনুমোদন নেই, তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ মালের অভাব নাই। এসব খাদ্য খেয়ে বেড়ে ওঠা মাছ ও মুরগির গোশত, ডিম খেলে মানুষের পেটের অসুখসহ নানারকম রোগ দেহে বাসা বাধতে পারে। তিনি আরো বলেন, মেয়াদ উত্তীর্ণ মালামাল গুলো কারখানা কর্তৃপক্ষের নিজ খরচে ধ্বংস করার ব্যবস্থা করা হবে।