নাসিরনগরে খাস জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বাহাটী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে শিক্ষার্থী মুস্তাকিম হত্যায় ২ জনকে আসামি করে মামলা
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে মস্ত মিয়ার গোষ্ঠী ও কডু মিয়ার গোষ্ঠী-এর মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
শুক্রবার প্রথমে দুই পক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বশির মিয়া গুরুতর আহত হন। তাকে ৫০ শয্যাবিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরও অন্তত ৫ জন আহত হন।
আরও পড়ুন: সোনাগাজীর ভোরবাজারে দাড়ি-পাল্লার গণসংযোগ
ভলাকুট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ইদ্রিছ মিয়া জানান, “একটি খাস জমি থেকে ২ টুকরি মাটি নিয়ে মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পুরুষদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এতে একজন মারা গেছেন।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “পূর্ব বিরোধ ও সরকারি খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠানো হয়েছে।”





