তারেক রহমান ছাড়া দেশ নিরাপদ নয়: সোনাগাজীতে মিন্টু
ফেনীর সোনাগাজীতে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। তারেক রহমানের পিতৃকুল ও মাতৃকুলের দেশ পরিচালনার অভিজ্ঞতাই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিন্টু। তিনি বলেন, আসন্ন ১২ তারিখের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে যাবে—সমৃদ্ধির পথে, নাকি সহিংসতা ও অস্থিরতার দিকে। তারেক রহমান ক্ষমতায় এলে দলমত নির্বিশেষে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
নির্বাচন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে মিন্টু বলেন, তাহাজ্জুদ ও ফজরের নামাজ শেষে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের ফলাফল স্লিপ নিয়ে ঘরে ফিরতে হবে এবং কেউ যেন অপকৌশলে ভোটের অধিকার হরণ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এলাকাবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে সুযোগ দিলে জীবনের বাকি সময় জনগণের সঙ্গেই কাটাতে চান। লালপুলে ফ্লাইওভার নির্মাণ, সোনাগাজীতে গ্যাস সংযোগ, সেচব্যবস্থা উন্নয়ন, খাল খনন, মহিলা কলেজ নির্মাণ, সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, উন্নত সড়ক যোগাযোগ ও চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষায় ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।





