গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার প্রথম কার্যদিবসেই উন্নয়ন ও নির্বিঘ্নে নাগরিক সেবা দেওয়ার আশ্বাস
নবনিযুক্ত প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই উন্নয়ন ও নাগরিক সেবায় ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেছেন, "গাজীপুর সিটিকে একটি গ্রীন সিটি হিসেবে গড়ে তুলবো, নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করবো।"
আরও পড়ুন: বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ২৫
বুধবার সকাল ১০টার দিকে নগর ভবনে দায়িত্ব গ্রহণের দিন তিনি সিটি করপোরেশনের আঙিনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নিমের চারা রোপণ করেন।
এ সময় তিনি বলেন, নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ ও বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হবে। গাজীপুরকে পরিকল্পিত সবুজ নগরীতে রূপান্তর করা তার অগ্রাধিকার।
আরও পড়ুন: শেরপুরে বৈশাখী মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা
প্রশাসক শওকত হোসেন সরকার আরও জানান, মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণ, নগরের গ্রামাঞ্চলকে ধীরে ধীরে শহুরে সুবিধার আওতায় আনা ও ঢাকামুখী সংযোগ সড়কগুলোর উন্নয়ন তার কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, "ঢাকার সঙ্গে সংযোগ সহজ করতে কানেক্টিং রোডগুলো উন্নত করা হবে, যাতে প্রধান সড়কে দ্রুত পৌঁছানো যায়।"
নাগরিক সেবা প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এবং দলের নেতা-কর্মীদের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা হবে। পর্যায়ক্রমে সব নাগরিক সেবাকে গতিশীল ও সহজলভ্য করা হবে।
উল্লেখ্য, সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে নির্বাচিত কোনো মেয়রই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতায় মেয়রদের কার্যকাল শুরুতে আবার কখনো মাঝপথেই থেমে গেছে।
এমন প্রেক্ষাপটে নতুন প্রশাসকের প্রতিশ্রুতি নগরবাসীর মধ্যে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়— প্রতিশ্রুত উন্নয়ন কতটা বাস্তবায়ন হয় ও গাজীপুর সিটি কত দ্রুত কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে এগোয়, নাকি অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন পূর্বের ন্যায় থমকে যায়, প্রশ্ন নগরবাসীর।





