সরাইলে ভাবীর দায়ের কোপে দেবর নিহত, শাশুড়ি আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভাবীর দায়ের কোপে সুমন মিয়া (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ভাবী রোমানা বেগম ঘরে তালা দিয়ে আত্মগোপন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোমানার শাশুড়ি বানুয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কালিকচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে একজন এনজিও কর্মীর মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দত্তপাড়া এলাকার প্রবাসী আব্দুস ছাত্তারের স্ত্রী রোমানা বেগমের সঙ্গে তার চাচাতো দেবর গোলাপ মিয়ার ছেলে সুমন মিয়ার বাগ্বিতণ্ডা হয়। প্রথম দফার বিরোধ মিটে গেলেও বিকেলে সুমন বাড়ি ফিরে এলে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রোমানা বেগম দা দিয়ে সুমনের বুকে কোপ মারেন। এতে গুরুতর আহত হন সুমন।
আরও পড়ুন: ঝুম বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল আজহার জামাত
স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘরে তালা দিয়ে পালিয়ে যান অভিযুক্ত রোমানা বেগম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়ি বানুয়ারা বেগমকে আটক করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া “দৈনিক বাংলাবাজার পত্রিকা”-কে জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫





