ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৪৫ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দ্বীপজেলা ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, হাজিপুর ইউনিয়নে কর্মহীন জেলেদের জন্য জনপ্রতি ৮০ কেজি চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে প্রতিজনকে ৫০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ফলে জনপ্রতি ৩০ কেজি চাল কম পাওয়ায় জেলেদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: বাউফলে নারী'সহ ৪ মাদক কারবারি আটক; গাঁজা-ইয়াবা উদ্ধার

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি-এর নির্দেশনায় মৎস্য অধিদপ্তর পটুয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয় তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করতে নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে।

আরও পড়ুন: রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্য ৫৪ হাজারের বেশি শিশু