রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্য ৫৪ হাজারের বেশি শিশু

Any Akter
ওবায়দুর ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫৯ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারি হেলথ সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ৮ হাজার ৫২১ জন শিশু রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাসিক সূত্রে জানা যায়, নগরীতে মোট ৪৩৮টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ১৮০টি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্র, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্র। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, “একটি টিকা শিশুর সুস্থ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুদের মধ্যে হাম বা রুবেলার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে।

তিনি আরও জানান, হাম প্রতিরোধে প্রায় ৭০ হাজার সচেতনতামূলক লিফলেট ইতোমধ্যে নগরজুড়ে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।