পবিত্র কুরআন হাতে নির্দোষ দাবি

ফেসবুকে ‘চাঁদাবাজ’ অভিযোগ প্রত্যাখ্যান, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

Sanchoy Biswas
‎গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৪৫ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ছড়ানো ‘চাঁদাবাজি’ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। সংবাদ সম্মেলনে পবিত্র কুরআন শরীফ হাতে নিয়ে তিনি নিজেকে নির্দোষ বলে ঘোষণা করেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।

গত বৃহস্পতিবার নগরীর দিঘীরচালা আউটপাড়ায় তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

শফিকুল ইসলাম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে তিনি বৈধভাবে ইজারাদার হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারে নিয়ম অনুযায়ী খাজনা আদায় করে আসছেন। তার দাবি, ‘সত্যের সন্ধানে বিএনপি’ নামে একটি ফেসবুক পেজ থেকে তাকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে কুরআন শরীফ হাতে নিয়ে তিনি বলেন, “আমি এই পবিত্র কুরআন ছুঁয়ে বলছি, আমি চাঁদাবাজ নই।”

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

তিনি আরও জানান, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল তাকে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শফিকুল ইসলাম অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এবং সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।