বাউফলে মধ্যরাতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, নিহত-১
পটুয়াখালীর বাউফলে 'বাউফল ট্রাভেলস' নামের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ১০ যাত্রী আহত হয়েছেন। দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার আফসারের গ্যারেজ এলাকায় দূর্ঘটনার শিকার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী উপজেলা দশমিনা থেকে রবিবার (০৩ মে) রাত ১০টায় 'বাউফল ট্রাভেলস' পরিবহন ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাউফল উপজেলার সদর ইউনিয়নের আফসারের গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে যাত্রীদের উদ্ধার শুরু করে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ও বাউফল ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। এসময়ে একজনকে মৃত উদ্ধার করা হয়। আশংকা জনক অবস্থায় কয়েকজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন: মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনা: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ নারী নিহত
নিহত ব্যক্তি বাসের সুপারভাইজার মাহমুদুল হাসান বাবু (২০) এবং সে উপজেলার বগা ইউনিয়নের বগা গ্রামের শহিদুল সিকদার এর ছেলে। নিহতের শরীর থেকে কোমড়ের নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
ডান পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন অবস্থায় কাঠ শ্রমিক ইব্রাহিম (৩৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এছাড়াও তাঁর ঠোঁট এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন দেখা গেছে। ইব্রাহিমকে জরুরি চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসলেন জামায়াতের এমপি, ছবি ভাইরাল
মাহবুব নামের এক বাসযাত্রী জানান, বাসটি কেঁপে উঠেছিল এবং মুহূর্তের মধ্যে বাসটি উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বাসের নীচে যাত্রী চাপা পড়ে থাকার আশংকা করেন তিনি।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বাস তোলার পরে বলা যাবে বাসের নীচে কেউ চাপা পড়ে থাকতে পারে।





