‘জুন ফর গ্রিন’ কর্মসূচির সমাপনী: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পর্যটন এলাকা রাধানগরে অবস্থিত শান্তিবাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মাসব্যাপী ‘জুন ফর গ্রিন’ কর্মসূচির দুই দিনব্যাপী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃক্ষবন্ধু মো. আজহারুল ইসলাম খানের নেতৃত্বে উদ্ভিদ অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ প্রচেষ্টা ব্যর্থ
এর আগে শুক্রবার (২৬ জুন) বিকেলে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা রোপণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়। পরে শান্তিবাড়ি ইকো রিসোর্টে স্থাপিত ‘পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক সিগনেচার বোর্ডে স্বাক্ষর করেন অতিথিরা।
এরপর ‘পরিবেশ-প্রকৃতি, শ্রীমঙ্গলের পর্যটন: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন লেখক ও গবেষক মারুফ রাসেল।
আরও পড়ুন: গোপালগঞ্জে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুহতামিম গ্রেপ্তার
আলোচনায় অংশ নেন অ্যান্টার্কটিকা ভ্রমণকারী বাংলাদেশি নারী অভিযাত্রী মহুয়া রউফ, বৃক্ষবন্ধু মো. আজহারুল ইসলাম খান, প্রথম আলোর সিনিয়র সহ-সম্পাদক সজীব মিয়া, ক্যানভাস ম্যাগাজিনের সহ-সম্পাদক দিলজান নাহার চাঁদনী ও আবৃত্তি আহমেদ, খাগড়াছড়ির বনায়ন উদ্যোক্তা মাহফুজ রাসেল, মিয়াওয়াকি পদ্ধতির বনায়ন উদ্যোক্তা আরহাম উল হক চৌধুরী, আইনজীবী মো. মাইনুদ্দীন মিয়া, সাংবাদিক হাসান বিপুল, পর্বতারোহী হোমায়েদ ইসহাক মুন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন, সদস্য ইয়াসিন মুকুল, স্থপতি তাইয়্যেবা নাফরিন পৌষী ও জান্নাতুন নাঈম, ভ্রমণকন্যা নুসরাত জাহান রিজভী, আইনজীবী ইশরাত জাহান অমি, সাংবাদিক ইসমাইল মাহমুদ, শান্তিবাড়ি ইকো রিসোর্টের স্বত্বাধিকারী তানভীরুল আরেফিন লিংকন, পর্যটনকর্মী সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, মাহবুব হোসেন সুমন, তকদীর আবিদ পনি, মো. খালেদ হোসেন, বন্যপ্রাণীকর্মী সোহেল শ্যাম, বন্যপ্রাণী আলোকচিত্রী খোকন সিংহ, সানজিদা জুই ও নাফিসুল ইসলাম।
অনুষ্ঠানে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রান্না প্রদর্শন ও পরিবেশন করা হয়। পাশাপাশি ‘স্টোরিটেলিং’ পর্বে গল্প বলার মাধ্যমে পরিবেশ ও প্রকৃতিবিষয়ক নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়। এই পর্বের সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর সিনিয়র সহ-সম্পাদক সজীব মিয়া।
এছাড়া বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন টেলিস্কোপের মাধ্যমে অতিথি ও দর্শনার্থীদের চাঁদ-তারা পর্যবেক্ষণের সুযোগ করে দেন। অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।
শান্তিবাড়ি ইকো রিসোর্টের স্বত্বাধিকারী তানভীরুল আরেফিন লিংকন বলেন, প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে শান্তিবাড়ি ইকো রিসোর্ট দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ২০১৪ সাল থেকে নিয়মিত বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষা খাতেও সহযোগিতা করা হচ্ছে।
তিনি বলেন, চলতি বছরের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রিসোর্টে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। একই সঙ্গে ‘পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক একটি সিগনেচার বোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার করে স্বাক্ষর করছেন।
তানভীরুল আরেফিন লিংকন আরও বলেন, বায়ুদূষণ, পানিদূষণ, প্লাস্টিক ও চিকিৎসাবর্জ্য, বন উজাড়, পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশের পরিবেশ ক্রমেই হুমকির মুখে পড়ছে। তাই দূষণ কমানো, বৃক্ষরোপণ, বন সংরক্ষণ, পাহাড় ধ্বংস রোধ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।





