ভোটার হতে এসে গৌরীপুরে রোহিঙ্গা যুবক আটক

Sanchoy Biswas
শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ৯:৩৪ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে ভোটার হতে এসে মোহাম্মদ মাসুদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। সোমবার দুপুরে গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে এসে তিনি আটক হন।

তিনি ২০১৭ সাল থেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ই-তে বসবাস করে আসছেন। তার বাবার নাম মো. জোবায়ের এবং মায়ের নাম শাকিলা খাতুন। তাদের বাড়ি মিয়ানমারের মংডু অঞ্চলে। তিনি ছয় ভাইবোনের মধ্যে দ্বিতীয় সন্তান।

আরও পড়ুন: উজানের ঢল আর টানা বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যার শঙ্কা, নিরাপদ আশ্রয়ের প্রস্তুতির আহ্বান

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রে তার নাম মোহাম্মদ মাসুদ থাকলেও বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন এবং মায়ের নাম শান্তনা আক্তার উল্লেখ করা হয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রাম। এছাড়া সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, জন্মনিবন্ধন, খোদেজা খাতুন দারুস-সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার একটি প্রত্যয়নপত্র এবং মা ডেন্টাল কেয়ার অ্যান্ড আইমিত্র নামে একটি বেসরকারি হাসপাতালের রক্তের গ্রুপ পরীক্ষার একটি প্রতিবেদনও জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান জানান, ভোটার হতে এসে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তখন তার কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা ধরা পড়ে। তিনি বাংলা বলতে পারলেও লিখতে পারেন না। যে এলাকার কাগজপত্র জমা দিয়েছেন, সে এলাকায় খোঁজ নিয়ে জানা যায় এই নামে কেউ নেই। এছাড়া যে মাদ্রাসার প্রত্যয়নপত্র জমা দিয়েছেন, সেখানে খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ মাসুদ নামে কোনো শিক্ষার্থী নেই। পরে বুঝতে পারি, তিনি ভুয়া কাগজপত্র তৈরি করে দালাল চক্রের মাধ্যমে ভোটার হতে এসেছেন। বর্তমানে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ইটনায় খেয়াঘাটের ইজারাকে কেন্দ্র করে বাড়িঘরে বর্বরোচিত হামলা-ভাঙচুর

আটক রোহিঙ্গা যুবক মোহাম্মদ মাসুদ বলেন, "আমাকে এক লাখ টাকায় কন্ট্রাক্ট করে কদ্দুছ অথবা কবীর নামে একজন দালাল ভোটার আইডি কার্ড করে দেওয়ার কথা বলে নিয়ে এসেছে। আমি ১০ হাজার টাকা অগ্রিম দিয়েছি। আইডি কার্ড করে দিলে বাকি টাকা দেব। আমাকে কয়েকদিন আগে গৌরীপুরে নিয়ে আসা হয়েছে। আমি একটি হোটেলে ছিলাম। সেখান থেকে সাগর নামে একজন আমাকে নির্বাচন অফিসে নিয়ে আসে। এখন আমাকে রেখে তারা চলে গেছে।"

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, আটক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, আইনানুগ প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।