গাবতলীতে ৭ বছরের শিশুকে অটোতে যৌনহয়রানি, থানায় মামলা

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ৯:২২ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া গাবতলীতে এক ৭ বছরের শিশু কন্যাকে ব্যাটারিচালিত অটোরিক্সায় তুলে যৌনহয়রানি, নিপীড়ন ও ভয়ভীতিসহ মৃত্যুর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায় যে, এজাহারটি (৩রা জুলাই) মামলা হিসাবে এন্ট্রি করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামির নাম শ্রী সীমান্ত (৪৫)। উক্ত আসামি গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চামুরপাড়া গ্রামের মৃত ফনির ছেলে এবং পেশায় একজন অটোরিক্সা চালক।

আরও পড়ুন: সাভারে শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি সুখানপুকুর গ্রামে তার নানার বাড়িতে থেকে একটি স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে। গত ২৮শে জুন-২৬ইং তারিখ দুপুরে শিশুটি নানার বাড়ি থেকে সুখানপুকুর রেল স্টেশনের কাছে মায়ের ভাড়া বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সরল বিশ্বাসে সে পরিচিত অটোরিক্সা চালক সীমান্তের গাড়িতে ওঠে। দুপুর অনুঃ ২টার সময় অটোরিক্সাটি সুখানপুকুর রেল গেটের সামনে পাকা রাস্তায় পৌঁছালে, চালক সীমান্ত শিশুটিকে তার দাদার বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে অটোতে উঠায়। পরবর্তীতে ফুসলিয়ে মহিষবাথান গ্রামের পূর্ব মাথার একটি ফাঁকা রাস্তায় নিয়ে যায়। সেখানে দুপুর অনুমান ২টা ১৫ মিনিটের সময় আসামি অটোরিক্সাটি থামিয়ে কু-মতলবে শিশুটিকে মোবাইলে বিভিন্ন আপত্তিকর ছবি দেখায়। এক পর্যায়ে জোরপূর্বক শিশুটির পরনের জামা খুলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।

এসময় শিশুটি লোকলজ্জা ও ভয়ে চিৎকার শুরু করলে চালক সীমান্ত তাকে মহিষবাথান গ্রামে তার শ্বশুর বাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। একই সাথে বিষয়টি কাউকে জানালে তাকে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ের কারণে শিশুটি প্রথমে বিষয়টি গোপন করলেও, পরদিন ২৯শে জুন দুপুরে মায়ের ভাড়া বাসায় এসে মা-বাবাসহ পরিবারের সদস্যদের কাছে বিস্তারিত খুলে বলে। পরবর্তীতে পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নৌকায় ঝুঁকি নিয়ে স্কুলে যায় কোমলমতি শিশুরা

এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, উক্ত ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে আসামি পলাতক রয়েছে, গ্রেফতারের জন্য গাবতলী মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।