টঙ্গীবাড়িতে বিশেষ অভিযানে চোরচক্রের ২ সদস্যসহ গ্রেপ্তার ৭
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ চোরচক্রের দুই সদস্য, চারজন মাদক কারবারি এবং এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে টংগীবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় টংগীবাড়ী থানা পুলিশ সোমবার (৬ জুলাই) রাত ৮টা থেকে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাই মালামালসহ চোরচক্রের সদস্য মো. রাসেল শিকদার ও মো. মেহেদী শেখকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও মাদকবিরোধী অভিযানে মো. শাহ আলম, মো. আসলাম, আবু তাহের শেখ ও ছলেমান শেখ নামে চারজনকে আটক করা হয়। একই অভিযানে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক নারী আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: বিজিবি’র অভিযানে জুন মাসে ৩০৭ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে টঙ্গীবাড়ি থানা পুলিশ। জেলা পুলিশ অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।





