কিশোরগঞ্জে বাড়ির সামনেই উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় তার সঙ্গে থাকা বিএনপির কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: আকাশপথেই থেমে গেল স্বপ্ন: বাড়ি ফেরা হলো না ইতালি প্রবাসী ফখরুলের

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রাতের আঁধারে ফ্লাডলাইটের তার চুরি: নিরাপত্তা সংকটে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম!

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহেদুল আলম জাহাঙ্গীর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আহত হাদিস মিয়াকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।