অপরাধী চক্রের অপপ্রচারের অভিযোগ, পেশাদারিত্বে অটল থাকার দাবি আনসার বাহিনীর
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাহিনীটি। শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে সদস্যদের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে এসব অপপ্রচারের বিরুদ্ধে বাহিনী আপোসহীন অবস্থানে রয়েছে।
বিবৃতিতে বলা হয়, নাটোরের বাগাতিপাড়া ও ময়মনসিংহের গফরগাঁওসহ কয়েকটি এলাকার বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বাহিনীর দাবি, সদস্যদের সরলতার সুযোগ নিয়ে বক্তব্যের অংশবিশেষ কাটছাঁট করে প্রচার করা হচ্ছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন: কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি
আনসার বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব অপপ্রচারের পরও মাঠপর্যায়ে সদস্যরা দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখেছেন। হাসপাতাল, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করা হয়।
বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত চুক্তির বিষয়টি উল্লেখ করে বলা হয়, দেশের বিভিন্ন স্টেডিয়াম ও স্থাপনার নিরাপত্তার দায়িত্ব আনসার বাহিনীকে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি সাম্প্রতিক পডকাস্টে বিসিবির পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ আনসার সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করেছেন বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সরাইলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১২ জুলাই ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ তুলে বাহিনী জানায়, হাসপাতালের সংরক্ষিত স্থানে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্য ও এক ব্যক্তির মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বাহিনীর দাবি, নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল রাখার পাশাপাশি ওই ব্যক্তি নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে আনসার সদস্যকে হুমকি দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তিনি ক্ষমা প্রার্থনা করলে বিষয়টির সমাধান হয়।
বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৫০০টি উপজেলায় প্রায় ৫ হাজার আনসার সদস্য চিকিৎসক, হাসপাতাল ও স্বাস্থ্যসেবার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও দালাল চক্রের প্ররোচনায় কিছু ব্যক্তি এবং অনুমোদনহীন স্থানীয় গণমাধ্যম বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সদস্যদের বক্তব্য বিকৃত করে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হলেও দেশের আইনশৃঙ্খলা, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জনসেবামূলক দায়িত্ব পালনে তারা আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্ব পালন অব্যাহত থাকবে এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনআস্থা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।





