ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর
ফেনীর ছাগলনাইয়ায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় বিস্ফোরণ: আট মৃত্যুতে পুলিশের মামলা
আলমগীর সিদ্দিকী ছাগলনাইয়া উপজেলার উত্তর লাঙলমোড়া গ্রামের আমির হোসেনের ছেলে এবং ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আলমগীর সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া সংঘর্ষ ও গোলাগুলির মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, অপহরণ এবং হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন: ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মধ্যরাতে ছাগলনাইয়া শহীদ মিনার এলাকায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।
পরদিন আহত বিএনপি কর্মী রিয়াজ উদ্দিন টিপু বাদী হয়ে আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন।
এদিকে, ওই মামলার প্রতিবাদে ২৯ জুলাই ছাগলনাইয়া জিরো পয়েন্টে সমাবেশের চেষ্টা করেন আসামিপক্ষের নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় সমাবেশ অনুষ্ঠিত না হলেও উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরবর্তীতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।





