আশুলিয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, সড়কের পাশে মরদেহ

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় মো. সুজন হাওলাদার (২৯) নামের এক অটোরিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তাঁর ক্ষত-বিক্ষত মরদেহ সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশে মরাগাঙ এলাকায় আশুলিয়া এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নবীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নিহত সুজন হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামের আমির হাওলাদারের ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ-সংলগ্ন এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মরাগাঙ এলাকায় সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা টিম ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে।

আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর নিয়ে আপিল খারিজ, স্থিতাবস্থা বহাল

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও আশুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই বলেন, নিহতের গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে সুজনকে হত্যার পর তাঁর মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।