গাজীপুরকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ গড়ার প্রত্যয় নতুন এসপির

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, চুরি এবং বিভিন্ন অপরাধের বিষয়ে সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় বক্তব্য দেন গাজীপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক বৃন্দ। 

আরও পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশে ফের বেড়েছে লোডশেডিং

পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, শিল্পসমৃদ্ধ ও জনবহুল গাজীপুরকে অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করবে। তবে অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের একক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা কঠিন। এ জন্য গণমাধ্যম, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা এবং সামাজিক আন্দোলন প্রয়োজন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে।

আরও পড়ুন: ধর্মান্তরিত শুভর দাফন হবে ইসলামী রীতিতে: হাইকোর্ট

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হক রেজা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আমিনুল ইসলাম।