মিটফোর্ডে ৩ ডেন্টাল টেকনোলজিস্টের ন্যস্তকরণ আদেশ প্রত্যাহারের দাবি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে কর্মরত ৩ জন মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)-কে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে ন্যস্তকরণের অফিস আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। একই সঙ্গে অবিলম্বে ওই অফিস আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।বাংলাদেশ ডেন্টাল পরিষদের পক্ষ থেকে বলা হয়, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)গণ ৪ বছর মেয়াদি একাডেমিক ও ক্লিনিক্যাল শিক্ষা গ্রহণ করে দন্তস্বাস্থ্যসেবায় প্রশিক্ষিত পেশাজীবী হিসেবে দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। নিজ নিজ পেশাগত ক্ষেত্রে দায়িত্বপালনকারী দক্ষ জনবলকে সম্পূর্ণ ভিন্ন ও সংবেদনশীল একটি বিভাগে ন্যস্ত করার সিদ্ধান্ত পেশাগত মর্যাদা, সেবার মান ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, নিজস্ব কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)দের অন্য বিভাগে দায়িত্ব পালনে বাধ্য করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। অন্যথায় বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, “আগামী রবিবারের মধ্যে উক্ত অফিস আদেশ প্রত্যাহার করা না হলে আগামী সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের ঢাকা মহানগর ও ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দসহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে পরবর্তী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হবে।”তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)দের নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।বাংলাদেশ ডেন্টাল পরিষদ জানিয়েছে, পেশাগত অধিকার, জনস্বাস্থ্য ও দন্তস্বাস্থ্যসেবার স্বার্থে বিষয়টির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক সমাধানের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানে ইয়াবার চালান, আটক ৩