স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার জন্য সড়ক-রেলপথ অবরোধ স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩২ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে এবং সদর উপজেলার অখণ্ডতা রক্ষার দাবিতে চলমান সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের পক্ষ থেকে কার্যকর সমাধানের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধের কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়। আন্দোলনকারীরা এতে সম্মতি দিয়েছেন।

তিনি আরও জানান, সংকট নিরসনে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সংসদ সদস্যও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক

এর আগে রোববার সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় জড়ো হয়ে অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন তারা। পাশাপাশি সুলতানপুর-আগরতলা আঞ্চলিক সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

হঠাৎ অবরোধের কারণে দুই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং ব্যাপক শিডিউল বিপর্যয় দেখা দেয়। ঢাকাগামী উপকূল এক্সপ্রেস দীর্ঘ সময় আটকে পড়ে। এ ছাড়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ও কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের যাত্রাও বিঘ্নিত হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম পৃথক করে সম্প্রতি ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা।

এর আগে একাধিকবার প্রতিবাদ ও আন্দোলন করেও দাবি আদায়ে কোনো কার্যকর সমাধান পাননি তারা। সদর উপজেলার ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা এবং বাসুদেব ইউনিয়নকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি পালন করেন স্থানীয়রা।