লাকসাম জংশনে মেঘনা এক্সপ্রেস দুর্ঘটনা: বগি লাইনচ্যুত, আহত ৫
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগির সঙ্গে ইঞ্জিনের ধাক্কায় এক রেলকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে চট্টগ্রাম–চাঁদপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ট্রেনটিতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক।
আরও পড়ুন: তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে আসা ট্রেনটি রাত পৌনে ৮টার দিকে জংশনের ৫ নম্বর লাইনে প্রবেশ করে। পরে চাঁদপুর যাওয়ার জন্য ইঞ্জিন সংযোগের সময় বগি ও ইঞ্জিনের মধ্যে সজোরে ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয় এবং রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঢামেক জরুরি বিভাগে চিকিৎসক-শিক্ষার্থী সংঘর্ষ, চিকিৎসাসেবা বন্ধ
লাকসাম জংশনের ট্রেন এক্সামিনার এস এম আক্তার হোসেন বলেন, রেক সংযুক্তির সময় ইঞ্জিন নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত থাকলেও ইঞ্জিন সংকটের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা যায়নি। আখাউড়া লোকোশেড থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে।
তবে জংশনের দুটি মেইন লাইন সচল থাকায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





