হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ আটক ৩
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র্যাব। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের হেফাজতে নেওয়া তিনজন হলেন— ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, তার বান্ধবী মনিকা এবং শ্যালক শিপু। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল
তিনি জানান, হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটক তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এই হামলায় সরাসরি গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে পুলিশ। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য জানান।
আরও পড়ুন: ডিএমপির প্রশাসন বিভাগে নতুন দায়িত্ব পেলেন রুহুল কবীর খান
তিনি বলেন, প্রাথমিক তদন্ত ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে হামলায় জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।





