ঈদযাত্রা নিরাপদ করতে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি টিম মোতায়েন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় ২৩টি টিম মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ঈদে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি: র্যাব ডিজি
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানী ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় ৬টি টিম, মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া ও মদনপুর মোড়/কাঁচপুর এলাকায় ৪টি টিম মোতায়েন রয়েছে।
এ ছাড়া গাজীপুর চৌরাস্তা এলাকায় ১টি, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে ২টি, চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ১টি, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ১টি, কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ১টি, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ২টি এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় ১টি টিম কাজ করছে।
আরও পড়ুন: ঈদুল আজহা ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা: ডিএমপি কমিশনার
বিজিবি জানিয়েছে, গত ২১ মে থেকে সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।





