মাদক কারবারির জার্সি এআই দিয়ে বদল: বরিশালে অভিযুক্ত এসআইকে শোকজ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১১:১৬ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইয়াবাসহ গ্রেপ্তার এক ব্যক্তির ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জার্সি পরিবর্তনের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিএমপি কমিশনারের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত কর্মকর্তার কাছে শোকজের জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: পুলিশ হেডকোয়ার্টার জানালো, রংপুর কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগে হয়েছে

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। তিনি স্থানীয়ভাবে মাদক কারবারি হিসেবে পরিচিত এবং আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক বলে জানা গেছে।

গ্রেপ্তারের সময় তার গায়ে আর্জেন্টিনা দলের জার্সি ছিল। পরে কাউনিয়া থানা পুলিশ জার্সিটি উল্টো করে পরিয়ে তার ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।

আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী ঘিরে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

অভিযোগ রয়েছে, এরপর বিএমপির মিডিয়া উইং থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি ডিজিটালি সম্পাদনা করা হয়। এতে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিল দলের জার্সি দেখিয়ে ছবিটি গণমাধ্যমে সরবরাহ করা হয়।

ছবিটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত ছবি ও সঠিক তথ্য পুনরায় বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

জানা গেছে, গণমাধ্যমে পাঠানো ওই পরিবর্তিত ছবির সঙ্গে জড়িত মিডিয়া উইংয়ের এসআই তানজিল আহমেদ আর্জেন্টিনা দলের সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে বিএমপির মিডিয়া উইংয়ে দায়িত্ব পালন করছেন।

ঘটনার বিষয়ে তানজিল আহমেদ স্বীকার করেছেন, এটি তিনি 'দুষ্টুমির ছলে' করেছিলেন। একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন জানান, মঙ্গলবার কমিশনারের দপ্তরে এসআই তানজিল আহমেদকে তলব করা হয় এবং তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পুলিশ কমিশনার।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। তার লিখিত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।