বেবিচকের উদ্যোগে ASP ও ICAO USAP-CMA প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ০৪ মে ২০২৬ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ০৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিমানবন্দরসমূহে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ দুই দিনব্যাপী একটি কর্মশালা আয়োজন করেছে।

০৩ ও ০৪ মে ২০২৬ তারিখে বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এ কর্মশালার বিষয় ছিল Airport Security Programme (ASP) এবং ICAO Universal Security Audit Programme – Continuous Monitoring Approach (USAP-CMA) প্রস্তুতি। কর্মশালায় দেশের আটটি বিমানবন্দরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শিক্ষার প্রতিটি স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে: সেভ দ্য উম্মাহ বাংলাদেশ

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিমানবন্দরগুলোর নিরাপত্তা কার্যক্রমকে আরও সুসংহত করা, আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা মানদণ্ড অনুসরণে সক্ষমতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের রেগুলেটরি কাঠামো সম্পর্কে ধারণা আরও স্পষ্ট করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চিফ এভসেক ইন্সপেক্টর) এবং ICAO অডিটর ও সার্টিফাইড ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

আরও পড়ুন: হঠাৎ বৃষ্টিতে নাজেহাল নগরের জনজীবন

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেন, সিনিয়র কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান শাহীনুল বারি, সহকারী পরিচালক (এভসেক পলিসি) আব্দুল্লাহ আল-মাহমুদ, সহকারী পরিচালক (এভসেক ট্রেনিং) শারমিন খানম এবং নিরাপত্তা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

কর্মশালায় বেবিচক প্রণীত “Model ASP Checklist”-এর বিভিন্ন ধাপ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এতে বিমানবন্দরের নিরাপত্তা প্রোগ্রাম প্রণয়ন, হালনাগাদ এবং অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে জানানো হয়। মোট ৪০ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি (NCASP) অনুযায়ী, প্রতিটি বিমানবন্দরের জন্য লিখিত ASP প্রণয়ন ও বেবিচকের অনুমোদন বাধ্যতামূলক। এ প্রেক্ষাপটে আয়োজিত এ কর্মশালা বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নিয়মিত ASP হালনাগাদ ও বাস্তবায়নের মাধ্যমে বিমানবন্দরের অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং আসন্ন ICAO অডিটে কাঙ্ক্ষিত কমপ্লায়েন্স অর্জন সহজ হবে।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) বাংলাদেশে বিমান নিরাপত্তা বিষয়ক অডিট পরিচালনা করবে। ২০১৮ সালের পর এই অডিটে ICAO-এর হালনাগাদ মানদণ্ড ও নতুন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে, যা দেশের এভিয়েশন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এর আগে গত ৫, ৬ ও ৭ এপ্রিল ২০২৬ তারিখে বেবিচকের এভসেক বিভাগ ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের ৬৫ জন প্রতিনিধির অংশগ্রহণে “Supplementary Station Procedure (SSP)” বিষয়ক তিনটি পৃথক কর্মশালা আয়োজন করে।

আয়োজকরা জানান, ধারাবাহিক এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার কার্যক্রম অব্যাহত থাকবে।