সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানালেন ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ২:১০ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে প্রচারিত কথিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি দাবি করেছেন, একটি ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তাকে জড়িয়ে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, “Daily Ajker Kantho – ডেইলি আজকের কণ্ঠ” নামে একটি ফেসবুক পেজে ‘তুরাগ ট্র্যাজেডি’ শিরোনামে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যার সঙ্গে তার বা তার কোনো নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

বিবৃতিতে তিনি জানান, আশুলিয়ায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। তিনি এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের উদ্দেশ্যে কয়েকজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী নৌকাযোগে আশুলিয়া বাজার ঘাট এলাকায় পৌঁছালে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় নৌকায় থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে আতঙ্কে কয়েকজন তুরাগ নদীতে ঝাঁপ দেন। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুন: সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

পরবর্তীতে নদীতে ঝাঁপ দেওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলাও দায়ের করেছেন বলে তিনি উল্লেখ করেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দিচ্ছে। এমনকি তাকে জড়িয়ে মনগড়া ও কাল্পনিক বক্তব্যও প্রচার করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, ঘটনাটি আশুলিয়া থানার আওতাধীন এলাকায় সংঘটিত হয়েছে। ঘটনাস্থল, মিছিলের স্থান এবং মরদেহ উদ্ধারের স্থান—কোনোটিই ঢাকা-১৮ আসনের অন্তর্গত নয়। ফলে এ ঘটনায় তার বা তার কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, গত ২৭ জুন ২০২৬ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত “তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে” শিরোনামের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

এস এম জাহাঙ্গীর হোসেন জানান, তার বিরুদ্ধে মানহানি ও মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে।

তিনি তার নির্বাচনী এলাকার জনগণ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর প্রতি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।